শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

বগুড়ার গাবতলী উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১
ছবিঃ সংগৃহীত

বগুড়ার গাবতলী উপজেলায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিহত আবু বক্কর সিদ্দিক ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী বাবলু মিয়ার সঙ্গে আবু বক্করের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় আতাউর রহমানের বাড়ির সামনে এই বিষয়টি নিয়ে বাবলু ও আবু বক্করের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

সংঘর্ষে আহতদের দ্রুত উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন। এদিকে প্রতিপক্ষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাবলু মিয়ার পক্ষের লোকজন গ্রেফতার এড়াতে হাসপাতাল থেকে পালিয়ে যায়।

গাবতলী থানার ওসি আনিছুর রহমান জানান, “হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।