বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। বর্তমান বিএনপি সরকার এমন একটি কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা দেশে ও প্রবাসে সমানভাবে অবদান রেখে রাষ্ট্রীয় সমৃদ্ধি ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক খাতের আমূল পরিবর্তনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়: চিফ হুইপ
ছবিঃ সংগৃহীত

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে দক্ষ জনবল তৈরির কোনো বিকল্প নেই। বর্তমান বিএনপি সরকার এমন একটি কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে চায়, যারা দেশে ও প্রবাসে সমানভাবে অবদান রেখে রাষ্ট্রীয় সমৃদ্ধি ত্বরান্বিত করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক খাতের আমূল পরিবর্তনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার বেলা ১১টায় বরগুনায় ক্রোক খাল ও এর শাখা খালগুলোর পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম মণি তাঁর বক্তব্যে বরগুনার উন্নয়নে একটি ইকোনমিক জোন বা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এখানে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, যা এই অঞ্চলের জীবনযাত্রার মান বদলে দেবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে চিফ হুইপ বলেন, বিগত শাসনামলে দেশ থেকে প্রায় ৩২ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে, যা দিয়ে অন্তত সাতটি জাতীয় বাজেট প্রণয়ন করা সম্ভব ছিল। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, বরগুনার সকল নালা ও খাল পর্যায়ক্রমে পুনরায় খনন করা হবে। এর ফলে সেচ সুবিধার উন্নয়ন ঘটবে এবং কৃষকরা এক ফসলি জমিতে বছরে তিনবার ফসল উৎপাদন করতে পারবেন। এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তরুণ সমাজকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলে দেশের অগ্রযাত্রায় তাদের সম্পৃক্ত করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ, জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার এবং পুলিশ সুপার কুদরাত ই খুদা। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার ও সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।