বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

বিশ্বকাপের আগে ঘরের মাঠেই সিরিজ হারল ভারত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে ঘরের মাঠে বড় ধাক্কা খেল ভারত।

বিশ্বকাপের আগে ঘরের মাঠেই সিরিজ হারল ভারত
ছবিঃ সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজার ঠিক আগ মুহূর্তে ঘরের মাঠে বড় ধাক্কা খেল ভারত।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আসরের আগে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা। রোববার সিরিজের অঘোষিত ফাইনালে পরিণত হওয়া শেষ ম্যাচে কিউইদের কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করে ভারতীয় ক্রিকেট দল।

ম্যাচটিতে টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে কিউই ব্যাটারদের তাণ্ডবের মুখে পড়ে ভারতের বোলাররা। ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপসের জোড়া শতকে ভর করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৩৭ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। পাহাড়সম এই লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক নিজের ক্যারিয়ারের ৮৫তম সেঞ্চুরি পূর্ণ করে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন।

তবে ব্যক্তিগত শতক হাঁকানোর পর কোহলি যখন নবম ব্যাটার হিসেবে মাঠ ছাড়েন, তখন ভারতের জয়ের জন্য শেষ ২৬ বলে ৪৬ রানের প্রয়োজন ছিল। কোহলির বিদায়ের পর একই ওভারে কুলদীপ যাদব রান আউটের শিকার হলে ২৯৬ রানেই ভারতের ইনিংস থমকে যায়। ৪৬ ওভারে অলআউট হয়ে যাওয়া স্বাগতিকরা ৪১ রানের হার নিয়ে মাঠ ছাড়ে। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ২-১ ব্যবধানে নিজেদের করে নিল নিউজিল্যান্ড।