শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

চট্রগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ-এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

চট্রগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটপ্রাপ্ত জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ-এর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বদুরপাড়া এলাকায় সংঘটিত এই হামলায় মাঈনউদ্দীন নামের আরেক যুবকও আহত হন।

স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু হাতে নিয়ে অতর্কিতে তাদের ওপর চড়াও হয়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পসংলগ্ন সড়কে হামলাটি ঘটে।

ঘটনার পেছনে সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, চট্টগ্রাম–১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশন-এ জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তাদের বিশ্বাস, ওই স্মারকলিপি দেওয়ার কারণেই এই হামলা ঘটেছে।

চট্টগ্রাম–১৪ আসনের এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, ‘আমি স্পষ্টভাবে মনে করি, জুলাইযোদ্ধাদের জন্য এখন বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন ও রাজনৈতিক পরিবেশ কখনোই স্বাভাবিক থাকতে পারে না।’

হামলার ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও মাঈনউদ্দীনের ঘনিষ্ঠরা।

এদিকে ঘটনার পর এনসিপি নেতা হাসান আলী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন, ‘আমার অত্যন্ত কাছের ছোট ভাই, জুলাইয়ের আহত গেজেটপ্রাপ্ত বীর হাসনাত আব্দুল্লাহর ওপর চন্দনাইশ বদুরপাড়ায় সন্দেহভাজন স্বৈরাচারের দোসররা কিছুক্ষণ আগে হামলা করেছে। এই দৃশ্য আমি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারছি না।’

উল্লেখ্য, হাসান আলী আগে এনসিপি-র প্রার্থী ছিলেন। পরবর্তীতে ১১ দলীয় জোট গঠনের পর তিনি চট্টগ্রাম–১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন।