শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

চট্টগ্রামে মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে মাইকে ঘোষণা দিয়ে শত শত লোক র‍্যাব সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া এবং আহত হয়েছেন আরও অন্তত তিন সদস্য।

চট্টগ্রামে মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, যেখানে মাইকে ঘোষণা দিয়ে শত শত লোক র‍্যাব সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে প্রাণ হারিয়েছেন র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া এবং আহত হয়েছেন আরও অন্তত তিন সদস্য।

গতকাল সোমবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। র‍্যাব জানায়, অভিযানের সময় ৪০০ থেকে ৫০০ জন দুষ্কৃতকারী একযোগে আক্রমণে অংশ নেয়।

পুলিশের হাতে পাওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, র‍্যাবের দুটি হাইয়েস মাইক্রোবাস সলিমপুর এলাকায় প্রবেশের পর লাঠিসোঁটা হাতে কিছু লোক গাড়িগুলো ধাওয়া করে এবং একপর্যায়ে কাচ ভাঙচুর করে। হামলার সময় এলাকায় মাইকে ঘোষণা দিয়ে ফটক বন্ধ করার নির্দেশ দেওয়া হচ্ছিল বলেও শোনা যায়।

আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন আহত র‍্যাব সদস্য একটি কক্ষে বসে আছেন—তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা এবং মেঝেতে রক্তের দাগ। পুলিশ সদস্যরা তাঁদের গাড়িতে তুলে হাসপাতালে পাঠাচ্ছেন।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় ৪৩ জন র‍্যাব সদস্য অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে যান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষণা দিয়ে ৪০০ থেকে ৫০০ দুষ্কৃতকারী তাঁদের ওপর হামলা চালায়। এতে নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়াসহ চারজন গুরুতর আহত হন। পরে পুলিশি সহায়তায় তাঁদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ আর এম মোজাফফর হোসেন বলেন,
“আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। এ হামলার ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

জঙ্গল সলিমপুর চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত এশিয়ান উইমেন ইউনিভার্সিটির বিপরীতে লিংক রোডের উত্তর পাশে প্রায় ৩ হাজার ১০০ একর জায়গাজুড়ে বিস্তৃত। যদিও এটি সীতাকুণ্ড উপজেলায়, তবে কার্যত নগরের সন্নিকটেই এর অবস্থান। এর পূর্বে হাটহাজারী উপজেলা এবং দক্ষিণে বায়েজিদ থানা এলাকা।

দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় কয়েক দশক ধরে জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ ও হত্যাকাণ্ড বেড়েছে। সম্প্রতি দখল ও আধিপত্য নিয়ে দুটি সন্ত্রাসী পক্ষের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হন। পরদিন ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হন।

চার দশক ধরে সরকারি পাহাড় কেটে এখানে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট ব্যবসা, যা রক্ষায় ভূমিদস্যুরা গড়ে তুলেছে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক পাহারায় থাকে এবং বাসিন্দাদের পরিচয়পত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারে না। এমনকি পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও বহুবার সেখানে গিয়ে হামলার মুখে পড়েছেন।

এর আগেও এ এলাকায় প্রশাসনের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফেরার পথে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ও সীতাকুণ্ড থানার তৎকালীন ওসি তোফায়েল আহমেদসহ অন্তত ২০ জন আহত হন। সে সময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি ছোড়ে।
এছাড়া ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি র‍্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। একই বছরের ২ আগস্ট ও ৮ সেপ্টেম্বর প্রশাসনের উচ্ছেদ অভিযানে বাধা ও পুলিশের ওপর হামলার নজির রয়েছে।

এই ঘটনার পর জঙ্গল সলিমপুরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।