ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, অধ্যাপক জামাল উদ্দীনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি নিয়মিত মামলা রয়েছে। ওই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনের সামনে গিয়ে তিনি মারধরের শিকার হয়েছিলেন। তৎকালীন সময়ে পুলিশ জানিয়েছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গণকান্নার’ একটি কর্মসূচি ঘোষণা করে সেখানে যাওয়ার পর সাধারণ জনতার তোপের মুখে পড়েন তিনি। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিল।