গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা–রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের বাসিন্দা চান মিয়া (৫৫)। অপর নিহত ব্যক্তির নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বালুবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।