বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের অপেক্ষার অবসান হচ্ছে আজ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের লড়াই।

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ
রাত ১টায় মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ছবি: সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের অপেক্ষার অবসান হচ্ছে আজ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের লড়াই।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ার আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। এছাড়া অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় সংগীতশিল্পী জে বালভিন এবং পপ ব্যান্ড মানাও।

এবারের উদ্বোধনী ম্যাচে রয়েছে পুরোনো স্মৃতির ছোঁয়া। ২০১০ বিশ্বকাপেও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও একই দুই দল উদ্বোধনী ম্যাচে খেলতে নামছে, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

মেক্সিকোর শক্তির জায়গা হিসেবে ধরা হচ্ছে তাদের রক্ষণভাগকে। অভিজ্ঞ গোলরক্ষক গিলের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে গড়া দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুতগতির পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে চাপে ফেলতে দক্ষ দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে নিজেদের সর্বশেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করেছে আফ্রিকার প্রতিনিধিরা।

বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। পরদিন একই সময়ে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হবে দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে মঞ্চে উঠবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

এরপর শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে হবে উদ্বোধনী ত্রয়ীর শেষ আয়োজন। হলিউড ঘরানার এই বর্ণাঢ্য অনুষ্ঠানে পারফর্ম করবেন ক্যাটি পেরি, লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারা।