বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

গাজীপুরে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ

গাজীপুরে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১।

গাজীপুরে ৯৩ বোতল বিদেশি মদ উদ্ধার, প্রাইভেটকার জব্দ
ছবি : সংগৃহীত

গাজীপুরে এক বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১।

শুক্রবার দুপুরে র‍্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানে প্রায় ৩ লাখ টাকা বাজারমূল্যের ৯৩ বোতল (৬৯.৭৫ লিটার) মদসহ মাদক বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদ ও সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে যে, ময়মনসিংহ থেকে একটি প্রাইভেটকারে করে বিদেশি মদের একটি বড় চালান গাজীপুর চৌরাস্তার দিকে আসছে। এই সংবাদের ভিত্তিতে গত রাত ১১টা ৫০ মিনিটে গাজীপুর সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। তল্লাশির একপর্যায়ে নির্দিষ্ট নম্বরের (ঢাকা-মেট্রো-গ-২৭-৩১৮৯) সন্দেহভাজন গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনের অংশে সুকৌশলে লুকিয়ে রাখা চারটি প্লাস্টিকের বস্তা থেকে এই বিদেশি মদ উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এই মাদক কারবারের সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।