শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ রোববার ভোররাতে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরুচোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় চোরদের ব্যবহৃত একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ রোববার ভোররাতে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, ভোরে একটি ট্রাকে করে একদল ব্যক্তি বাগমারা এলাকায় গরু চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা চারদিক থেকে তাদের ঘিরে ফেলে ধাওয়া দেয়। চোর চক্রের বেশ কয়েকজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে ধরে ফেলে জনতা। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই তিন ব্যক্তির মৃত্যু হয়। পরে তাদের নিয়ে আসা ট্রাকটিতেও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিলে তারা প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটির আগুন নেভানোর ব্যবস্থা করা হয়।

পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তিদের সঠিক পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।