শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

ঘুষের লাখ টাকাসহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক
ঘুষ নেওয়ার সময় আটক হন যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।

পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড় করতে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যশোরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলমকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, যশোরে মামলাটি দায়ের করা হয়েছে।

দুদক সূত্র জানায়, অভিযোগকারী মো. নূরুন্নবী লিখিত অভিযোগে উল্লেখ করেন, পেনশন ও বেতন সমতাকরণের নথি ছাড়ের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁর কাছে এক লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশনের অনুমোদনে একটি ফাঁদ মামলা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, বুধবার দুপুর দেড়টার দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ঘুষের জন্য নির্ধারিত এক লাখ ২০ হাজার টাকা অভিযোগকারীর কাছে দেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে অভিযোগকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে ওই টাকা প্রদান করেন। এ সময় আশরাফুল আলম টাকা গ্রহণ করে নিজের টেবিলের ড্রয়ারে রাখেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দুদকের একটি দল সেখানে অভিযান চালায়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কর্মকর্তার টেবিলের ড্রয়ার থেকে ঘুষের এক লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয় এবং তাঁকে আটক করা হয়।

দুদক জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।