ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার রহস্য উদঘাটনে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্তের দাবি জানিয়েছে তার পরিবার। ওসমান হাদির বোন মাছুমা হাদি বলেছেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে পরিষ্কার করা রাষ্ট্রের দায়িত্ব।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাছুমা হাদি বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যের অন্তর্নিহিত বিষয় উদঘাটনে সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা ও কূটনৈতিক চাপের মাধ্যমে বিষয়টির সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দেবেন।”
হত্যাকাণ্ডের আসামিরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মাছুমা হাদি। তিনি বলেন, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে হত্যার পর কীভাবে খুনিরা ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো, সেটি খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে রাষ্ট্রীয় কোনো বাহিনী বা রাজনৈতিক দলের কোনো ব্যক্তি এ ঘটনায় জড়িত ছিলেন কি না, তা তদন্তেরও দাবি জানান তিনি।
মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ।”
ভারতে অবস্থানরত বলে দাবি করা মামলার আসামি শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীরকে দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
মাছুমা হাদি আরও বলেন, “আইনের ফাঁকফোকর খুঁজে ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত করা হলে, দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো মূল্যে বিচার আদায় করা হবে।”
সংবাদ সম্মেলন থেকে হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থদাতা এবং ঘটনায় জড়িত সব ব্যক্তির নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভূমিকার সমালোচনা করে মাছুমা হাদি বলেন, “আমার ভাই ওসমান হাদির হত্যার ব্যাপারে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য যেভাবে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাইপাস করার চেষ্টা করছেন তা অত্যন্ত দুঃখজনক ও ভয়াবহ।”
তিনি অভিযোগ করেন, এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে জাতিকে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেননি। মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ার নিয়মিত অগ্রগতি জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মামলার বিচার নিশ্চিত করতে আন্তরিক না হন, তবে জনগণের আস্থা অর্জনে সক্ষম অন্য কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত।
সংবাদ সম্মেলনে ওসমান হাদির ভগ্নিপতি মো. আমির হোসেনসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।