এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে চট্টগ্রাম অঞ্চলে নিয়োগ পাওয়া এবং পরে চাকরিচ্যুত কর্মকর্তাদের অবস্থান কর্মসূচিকে ঘিরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে উত্তেজনা তৈরি হয়েছে। একই স্থানে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে কয়েকশো গ্রাহকও পাল্টা অবস্থান কর্মসূচি পালন করছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচি শুরু হয়। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে চাকরিচ্যুত কর্মকর্তারা সেখান থেকে চলে যান।
চাকরি ফিরে পাওয়ার দাবিতে অবস্থান নেওয়া কর্মকর্তাদের অভিযোগ, কোনো ধরনের তদন্ত ছাড়াই তাদের সবাইকে একযোগে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের একজন বলেন, চাকরি হারানোর পর দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর গঠিত নতুন পরিচালনা পর্ষদ তাদের চাকরিচ্যুত করেছে বলেও জানান তিনি।
অন্যদিকে, ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে অবস্থান নেওয়া গ্রাহকদের অভিযোগ, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন সময়ে অনিয়ম ও জাল সনদের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তিদের চাকরিতে পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চলছে। এ সময় তাদের হাতে ‘এস আলমের লুটেরাদের ষড়যন্ত্র’ লেখা ব্যানার দেখা যায়।
দুই পক্ষ একই স্থানে পৃথক কর্মসূচি পালন করায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে দুপুর পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।