উন্নয়নের নতুন প্রতিশ্রুতি নিয়ে হাতিয়ার রাজনীতিতে আলোড়ন তুলেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ১০ দলীয় ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
রোববার (২৫ জানুয়ারি) রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, নির্বাচিত হলে জাহাজমারা ইউনিয়নকে উপজেলা এবং বুড়িরচর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হান্নান মাসউদ বলেন, নির্বাচিত হওয়ার পর জাহাজমারা কমিউনিটি কলেজকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে উন্নীত করা হবে। পাশাপাশি এলাকার শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।
পথসভায় তিনি বলেন, “আমি কথা বলতে এসেছি সেই মানুষগুলোর পক্ষে—যাদের কাছ থেকে সিএনজি স্ট্যান্ডে চাঁদা নেওয়া হয়। কৃষক ও জেলেরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রে যায়, অথচ আজ তারাই ভয় ও হুমকির মুখে।”
তিনি আরও বলেন, “সাধারণ মানুষ প্রশাসনকে ভয় পায় না, ভয় পায় সন্ত্রাসীরা। এ কারণেই তারা বাড়িতে থাকতে পারে না।”
নিঝুম দ্বীপের সঙ্গে যোগাযোগ সহজ করতে জাহাজমারা থেকে মোক্তারিয়া ঘাট পর্যন্ত মহাসড়কের আদলে সড়ক নির্মাণের ঘোষণাও দেন তিনি। একই সঙ্গে হাতিয়ার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আলা উদ্দিন, জাহাজমারা ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান, জামায়াত নেতা অ্যাডভোকেট নোমান সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাতে জাহাজমারা বাজারে এক পথসভায় হামলার শিকার হন আব্দুল হান্নান মাসউদ। ওই ঘটনার পর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তিনি সড়কে অবস্থান কর্মসূচি পালন করেন।