শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতকারীদের গুলিতে মো. জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির উদ্দীন নামের আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। নিহত জামাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

জামায়াত কর্মীকে গুলি করে হত্যা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতকারীদের গুলিতে মো. জামাল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নাছির উদ্দীন নামের আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। নিহত জামাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে শাহানগর দিঘিরপাড় এলাকায় অবস্থানকালে একদল সশস্ত্র দুষ্কৃতকারী তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয় এবং নাছির উদ্দীন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা আহত নাছিরকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে এই হামলার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ফটিকছড়ি থানা জামায়াতের আমির নাজিম উদ্দিন ইমু বলেন, “নিহত জামাল ছাত্রশিবিরের সাবেক কর্মী এবং বর্তমানে জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন। আমরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিচার চাই।”

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।