বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।

জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। 

বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এর ফলে আনিস আলমগীরের বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন সম্পন্ন হলো। আইনজীবী তাসলিমা জাহান পপি জানিয়েছেন, এই অবস্থায় তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

এর আগে গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনের ভিত্তিতে আদালত ২৮ জানুয়ারি ওই মামলায় আনিস আলমগীরকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, তার নামে ২৫ লাখ টাকা মূল্যের স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা মূল্যের অস্থাবর সম্পদসহ মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকা সম্পদের তথ্য পাওয়া গেছে।

এছাড়া পারিবারিক ও অন্যান্য খাতে তার ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা। এতে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।

দুদকের হিসাবে, আনিস আলমগীরের বৈধ আয়ের উৎস থেকে মোট আয় পাওয়া গেছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টক শো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত।

এই হিসাবে তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদের অতিরিক্ততা পাওয়া গেছে, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ। দুদক এটিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হিসেবে উল্লেখ করেছে।

এর আগে গত ১৪ ডিসেম্বর ‘জুলাই রেভুলেশনারী এলায়েন্স’-এর সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরে গত ৫ মার্চ তিনি ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।