বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

জুহেইরিয়ার ঝড়ো ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে ঝড় তুললেন জুহেইরিয়া ফেরদৌস জয়িতা, আর কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিলেন শারমিন আক্তার সুপ্তা। দুই ব্যাটারের দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

জুহেইরিয়ার ঝড়ো ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
জুহেইরিয়া ফেরদৌস জয়িতা ৩৩ বলে করেন ৫০ রান।

বিশ্বকাপের মঞ্চে ব্যাট হাতে ঝড় তুললেন জুহেইরিয়া ফেরদৌস জয়িতা, আর কঠিন সময়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে দলকে জয়ের ঠিকানায় পৌঁছে দিলেন শারমিন আক্তার সুপ্তা। দুই ব্যাটারের দারুণ নৈপুণ্যে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

বার্মিংহামের এজবাস্টনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে অধিনায়ক বাবেট ডে লেডের ফিফটিতে ১৩৯ রানের সংগ্রহ দাঁড় করায় ডাচরা। জবাবে জুহেইরিয়ার ৩৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস এবং সুপ্তার ৩২ বলে ৩৭ রানের কার্যকর ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লাল-সবুজের দল।

জুহেইরিয়ার অর্ধশতকের পাশাপাশি সুপ্তার ধৈর্যশীল ইনিংসও বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৯ রানে ক্যাচ দিয়েছিলেন জুহেইরিয়া। তবে টিভি আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যান তিনি। এরপর দিলারা আক্তারকে সঙ্গী করে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন এই ডানহাতি ব্যাটার। শুরুতে কয়েক বল সময় নিলেও পরে বড় শটে দ্রুত রান তুলে নেন।

পাওয়ার প্লেতেই বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে যান জুহেইরিয়া। ছক্কা মেরে পূর্ণ করেন নিজের ফিফটি। তবে স্লগ সুইপে অর্ধশতক পূরণের পরের বলেই বিদায় নেন তিনি। ৩৩ বলের ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান জুহেইরিয়া।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের আসরগুলোতে বাংলাদেশের জয় ছিল মাত্র তিনটি। চতুর্থ জয়ের পথে বোলারদেরও বড় অবদান ছিল। পেসার মারুফা আক্তার, রিতু মনি ও ফারিহা তৃষ্ণা নিয়ন্ত্রিত বোলিং করেন। মারুফা ৩২ রানে ২ উইকেট নেন, তৃষ্ণা ৩১ রানে পান ১ উইকেট। রিতু মনি মাত্র ১৭ রান খরচায় শিকার করেন ১ উইকেট। পাশাপাশি স্পিনাররাও উইকেট তুলে নেন।

জুহেইরিয়ার ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ যখন বিনা উইকেটে ৬৭ রানে পৌঁছে যায়, তখন হঠাৎ ধস নামে ইনিংসে। ৬৭ থেকে ৮৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। এর মধ্যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম বলেই ফিরে যান।

এমন কঠিন সময়ে দলের হাল ধরেন শারমিন আক্তার সুপ্তা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই তাদের বিপদে ফেলেন বাংলাদেশের বোলাররা। ৩৬ রানের মধ্যেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান মারুফা ও ফারিহা।

তিন নম্বরে নেমে অধিনায়ক বাবেট ডে লেড একপ্রান্ত আগলে রাখলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি। শেষ দিকে ডে লেড আত্মঘাতী রানআউটে ফিরলে নেদারল্যান্ডসের সংগ্রহ বাংলাদেশের নাগালের মধ্যেই থাকে।