বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

খাল খনন উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সারাদেশের ৫৩টি স্থানে খাল খনন প্রকল্পের সূচনা করতে আগামীকাল সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির যাত্রা শুরু করবেন।

খাল খনন উদ্বোধনে কাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত

সারাদেশের ৫৩টি স্থানে খাল খনন প্রকল্পের সূচনা করতে আগামীকাল সোমবার দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির যাত্রা শুরু করবেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন ও প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই হবে তার প্রথম কোনো জেলা সফর। এর আগে দীর্ঘ সময় পর তিনি এই জেলায় আসছেন; সর্বশেষ ২০০৫ সালে খানসামা ও বীরগঞ্জ উপজেলাকে সংযোগকারী জিয়া সেতু উদ্বোধনে তিনি এখানে এসেছিলেন। এ ছাড়া গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিরামপুর উপজেলায় এক জনসভায় তিনি অংশ নিয়েছিলেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো দিনাজপুর জেলাজুড়ে ব্যাপক উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সাথে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে দিনাজপুরের বলরামপুরের দিকে যাত্রা করবেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে কাহারোলের সাহাপাড়া এলাকায় পৌঁছে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

কর্মসূচির অংশ হিসেবে তিনি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং পরবর্তীতে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলের দিকে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে যাবেন এবং সেখানে তার নানা-নানীসহ নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। দিনের শেষভাগে বিকাল ৫টায় শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে সুধী সমাবেশ, ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করার কথা রয়েছে তাঁর। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর ত্যাগ করবেন।