নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো. আজহারুল ইসলাম মান্নান শুক্রবার সাবেক এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, “খেলা হবে” ঘোষণা দিয়ে না খেলেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। সাহস থাকলে এখন মাঠে এসে জনগণের সঙ্গে মোকাবিলা করুন, সাধারণ জনগণ আপনাদের প্রতিহত করবে।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্য্যালয় এলাকায় এক নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম আরও বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে সিদ্ধিরগঞ্জে কোনো সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ বা ভূমিদস্যু থাকবে না। এখানকার শিক্ষার্থীদের ঢাকায় যাওয়া থেকে রক্ষা করতে আমরা একটি আধুনিক হাসপাতাল, একটি স্কুল এবং একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলব।”
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সোনারগাঁও উপজেলা বিএনপির সদস্য বিএম ডালিম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিপন সরকার, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ অপু, ৮ নম্বর বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন এবং সাবেক সংগঠনিক সম্পাদক মাছুম প্রধানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।