সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়েছে নিউজিল্যান্ড। টাইগার পেসারদের ধারাবাহিক আক্রমণে একের পর এক উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়েছে কিউইরা, ফলে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ৮ রানে প্রথম ধাক্কা খায় নিউজিল্যান্ড। ৪ রান করা হেনরি নিকোলাসকে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর কেলি ও উইল ইয়োং মিলে কিছুটা প্রতিরোধ গড়ে ৪৪ রানের জুটি গড়েন।
তবে সেই জুটি ভাঙতেই আবারও চাপে পড়ে দলটি। উইল ইয়োং ২৫ বলে ১৯ এবং টম ল্যাথাম ১৩ বলে ৫ রান করে আউট হন। অন্যদিকে কেলি একপ্রান্ত ধরে রেখে ফিফটি পূর্ণ করেন এবং মোহাম্মদ আব্বাসকে নিয়ে ইনিংস এগিয়ে নেওয়ার চেষ্টা চালান।
ধীরে ধীরে সেট হয়ে উঠছিলেন কেলি, কিন্তু ঠিক তখনই তাকে ফেরান মোস্তাফিজুর রহমান। দলীয় ১০৮ রানে ৮০ বলে ৫৯ রান করে আউট হন এই ব্যাটার।
এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। দ্রুত আরও তিন উইকেট হারায় তারা—মোহাম্মদ আব্বাস ৩৬ বলে ২৫, ক্লার্কসন ১০ বলে ৬ এবং নাথান স্মিথ ৪ বলে ২ রান করে বিদায় নেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান করেছে নিউজিল্যান্ড, ম্যাচের নিয়ন্ত্রণ তখন স্পষ্টভাবেই বাংলাদেশের হাতে।