ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হাজী মুহাম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মাহি চৌধুরীর বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ক্যাটফুড ব্যবসার আড়ালে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তর ইব্রাহিমপুর এলাকা থেকে ভুক্তভোগীরা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন।
ভুক্তভোগীদের দাবি, মাহি নিজেকে একজন বড় ক্যাটফুড ব্যবসায়ী হিসেবে পরিচয় দিতেন এবং তার ২০-২২টি দোকান রয়েছে বলে জানাতেন। এই ব্যবসার প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ হিসেবে গ্রহণ করেন। আশিকুজ্জামান মোল্লা নামে এক ভুক্তভোগী জানান, মাহিকে আরও অর্থ দেওয়ার কথা বলে কৌশলে ডেকে এনে তারা আটক করেন। পরে জানা যায়, অসংখ্য মানুষ তার এই প্রতারণার জালে ফেঁসেছেন। হিমেল নামে অপর এক ব্যক্তি জানান, ব্যবসার কথা বলে মাহি তার কাছ থেকে ৪০ লাখ টাকা নিলেও এখন পর্যন্ত প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা ফেরত দেননি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ মাহিকে হেফাজতে নিয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের করা হয়নি। অভিযোগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের কাছ থেকে অন্তত কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই ছাত্রদল নেতা।
এ বিষয়ে ঢাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি তামি বলেন, মাহির বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ আসছিল এবং সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। দ্রুতই তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।