বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ করার আশ্বাস তারেক রহমানের

বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে—এমন আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফরিদপুরকে বিভাগ গঠন করলে সমস্যার সমাধান হলে বিএনপি তা বাস্তবায়ন করবে।

ক্ষমতায় গেলে ফরিদপুর বিভাগ করার আশ্বাস তারেক রহমানের
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গঠন করলে ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হবে—এমন আশ্বাস দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ফরিদপুরকে বিভাগ গঠন করলে সমস্যার সমাধান হলে বিএনপি তা বাস্তবায়ন করবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, 'আজকের এই নির্বাচনি জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যার সমাধান হয়, তবে বিএনপি তা করবে। আপনাদের মাঝ থেকে ফরিদপুরকে বিভাগ ও সিটি কর্পোরেশন ঘোষণার দাবি উঠেছে। আমি কথা দিচ্ছি, আগামী নির্বাচনে ধানের শীষ জয়ী হলে এসব দাবি বাস্তবায়নের দায়িত্ব বিএনপির।'

আগের সরকারের উন্নয়ন দাবির সমালোচনা করে তিনি বলেন, 'আমরা শুনেছি প্রত্যেক এলাকায় নাকি এত উন্নয়ন হয়েছে, তাহলে আপনাদের প্রার্থীরা আজ এত সমস্যার কথা বললো কেন? আসলে বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।'

বুধবার দুপুর আড়াইটার দিকে তারেক রহমান হেলিকপ্টারে করে সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়াম মাঠে অবতরণ করেন। এরপর গাড়িবহর নিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে জনসভা মঞ্চে ওঠেন। বিকেল ৩টা ২১ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন।

বক্তব্যের শুরুতে তিনি ফরিদপুর বিভাগের পাঁচ জেলার বিএনপির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

তারেক রহমান বলেন, 'এরাই আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা আপনাদের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নির্বাচিত হলে তারা আপনাদের সেবায় ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন।'

আগামী ১২ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের জন্য নেওয়া পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের অন্যতম বড় সমস্যা নদীভাঙন। নদীভাঙন রোধ করা গেলে কৃষিপ্রধান এই এলাকার পাট বিদেশে রপ্তানি করে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে সার ও বীজ সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি খেটে খাওয়া পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, বেকারত্ব কমাতে প্রতিটি এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা স্থাপন করা হবে, যাতে যুবসমাজ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান এবং মো. সেলিমুজ্জামান।

এছাড়া বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-১ আসনের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম এবং শরীয়তপুর-২ আসনের প্রার্থী মিয়া মোহাম্মদ নুরুদ্দিন অপু। জনসভায় ফরিদপুর বিভাগের পাঁচ জেলার মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।