বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭৮

ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন লিটন কুমার দাস। সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংসে একাই লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সতীর্থরা একের পর এক ফিরে গেলেও তার ব্যাটেই গড়ে ওঠে প্রতিরোধ, শেষ পর্যন্ত দলকে নিয়ে যান ২৭৮ রানে।

লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৭৮

ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি থেকে দলকে টেনে তুললেন লিটন কুমার দাস। সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ইনিংসে একাই লড়াইয়ের প্রতিচ্ছবি হয়ে উঠলেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সতীর্থরা একের পর এক ফিরে গেলেও তার ব্যাটেই গড়ে ওঠে প্রতিরোধ, শেষ পর্যন্ত দলকে নিয়ে যান ২৭৮ রানে।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ছিল ভয়াবহ—ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়।

দলীয় ৪৪ রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, যিনি ৩৪ বলে ২৬ রান করেন। মিডল অর্ডারেও ধস নামে। ঢাকা টেস্টে ভালো ফর্মে থাকা সাবেক অধিনায়ক মুমিনুল হক এদিন ২২ রানের বেশি করতে পারেননি।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন ২৯ রানে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আউট হন ২৩ রানে। দলীয় ১০৫ রানে আরেক ধাক্কা লাগে। এরপর মেহেদি হাসান মিরাজ মাত্র ৪ রানে ফিরে গেলে ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

ঠিক তখনই ম্যাচের চিত্র বদলে দেন লিটন দাস। সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে ইনিংস গুছিয়ে নেন তিনি। এরপর তাসকিন আহমেদের সঙ্গে ৩৮ রানের গুরুত্বপূর্ণ জুটি আসে। পরে শরীফুল ইসলামের সঙ্গে নবম উইকেটে ৬৬ রানের লড়াকু জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান লিটন।

শেষ পর্যন্ত ১৫৯ বলে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১১তম সেঞ্চুরি।

লিটন আউট হওয়ার পর আর কোনো রান যোগ করার আগেই নাহিদ রানা ফিরে গেলে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন খুররম শাহজাদ, যিনি ৪ উইকেট নেন। মোহাম্মদ আব্বাস নেন ৩ উইকেট এবং হাসান আলী নেন ২ উইকেট।