মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোহেল মুন্সী (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। বুধবার গভীর রাতে উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের কালুরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল মুন্সী ওই গ্রামের মৃত ইসমাইল মুন্সীর ছেলে। তিনি স্থানীয়ভাবে ভাঙারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে, ২০২২ সালে বিদেশি মদসহ তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে সোহেল মুন্সী বাড়ির পূর্ব পাশের একটি ঘরে একা ঘুমাতে যান। সম্প্রতি সন্তান জন্মের কারণে তার স্ত্রী নুপুর বেগম শাশুড়ি সেফালি বেগমের সঙ্গে পাশের ঘরে অবস্থান করছিলেন। গভীর রাতে হঠাৎ শব্দ শুনে পরিবারের সদস্যরা জেগে ওঠেন।
বাইরে বের হয়ে তারা দেখতে পান, উঠানে সোহেলের মোটরসাইকেল আগুনে জ্বলছে এবং মাটিতে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল বলে জানা গেছে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ফোর্স পাঠিয়েছি। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন বলেন, ‘অপরাধীদের চিহ্নিত করতে এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।’