সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক: হ্যামট্রামিক সিটি কাউন্সিলের অনুমোদন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। হ্যামট্রামিক সিটি কাউন্সিল জোসেফ ক্যাম্পাউ অ্যাভিনিউ ও কোনান্ট স্ট্রিটের মধ্যবর্তী কার্পেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।

মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক: হ্যামট্রামিক সিটি কাউন্সিলের অনুমোদন
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের অংশের নামকরণ করা হয়েছে। হ্যামট্রামিক সিটি কাউন্সিল জোসেফ ক্যাম্পাউ অ্যাভিনিউ ও কোনান্ট স্ট্রিটের মধ্যবর্তী কার্পেন্টার স্ট্রিটের একটি অংশের নাম পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।

বিএনপির এক পোস্টে জানানো হয়, হ্যামট্রামিক সিটি কাউন্সিলে দায়িত্ব পালনরত বাংলাদেশি বংশোদ্ভূত চার কাউন্সিলরের সক্রিয় ভূমিকার ফলে প্রস্তাবটি পাশ হয়। প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মতে, এ সিদ্ধান্ত কেবল একটি সড়কের নাম পরিবর্তনের ঘটনা নয়; এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক সংগ্রামের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন।

বাসস নিউজের বরাতে প্রবাসী নেতারা জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রাজনৈতিক নেতাদের নামে সড়ক নামকরণের উদাহরণ আগেও রয়েছে। শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি রাস্তার নামকরণ করা হয়েছিল।

অভিবাসী অধ্যুষিত শহর হিসেবে পরিচিত মিশিগানের হ্যামট্রামিকে রাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় বসবাস করে। একই সঙ্গে ডিয়ারবর্নের পর এখানেই আরব জনগোষ্ঠীর দ্বিতীয় সর্বোচ্চ ঘনত্ব রয়েছে। গত তিন দশকে ইয়েমেন ও বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আগত অভিবাসীদের জন্য শহরটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।

ডেট্রয়েট ফ্রি প্রেসের তথ্য অনুযায়ী, হ্যামট্রামিকের মোট জনসংখ্যার ৪০ শতাংশের বেশি বিদেশি বংশোদ্ভূত এবং প্রায় ৭০ শতাংশ বাসিন্দা মুসলিম। এই জনগোষ্ঠীর মধ্য থেকেই শহরের মেয়র, পুলিশ প্রধান ও সিটি কাউন্সিলের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া