বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

মনোহরদী পৌরসভাকে তিলোত্তমা ও আদর্শ জনপদ হিসেবে রূপান্তরের প্রত্যয় আমিনুর রহমান সরকার দোলনের

নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌর এলাকাকে একটি আধুনিক, দৃষ্টিভন্দন এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান সরকার দোলন।

মনোহরদী পৌরসভাকে তিলোত্তমা ও আদর্শ জনপদ হিসেবে রূপান্তরের প্রত্যয় আমিনুর রহমান সরকার দোলনের
ছবি : সংগৃহীত
নরসিংদীর মনোহরদী উপজেলা ও পৌর এলাকাকে একটি আধুনিক, দৃষ্টিভন্দন এবং উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আমিনুর রহমান সরকার দোলন। তৃণমূল থেকে রাজনীতি করে আসা এই নেতা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন ও জনহিতকর কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

তাঁর রাজনৈতিক জীবন পর্যালোচনা করলে দেখা যায়, তিনি মনোহরদী উপজেলা ছাত্রদলের তিন মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি দলের সংকটাপন্ন সময়ের একজন পরীক্ষিত ও ত্যাগী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত দিনের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে রাজপথে সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে তিনি একাধিকবার রাজনৈতিক প্রতিহিংসা ও নানামুখী নিগ্রহের শিকার হয়েছেন।

মনোহরদী ও বেলাবো এলাকার রাজনৈতিক পরিমণ্ডলে নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির একজন বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহযোদ্ধা হিসেবে পরিচিত আমিনুর রহমান সরকার দোলন। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, স্বাস্থ্যমন্ত্রী বকুল এমপির পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় মনোহরদী উপজেলার সার্বিক উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করতে তিনি অত্যন্ত সক্রিয় অবদান রাখছেন।

পৌর এলাকার বাসিন্দাদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কাজের ওপর বিশেষ জোর দিচ্ছেন। সংশ্লিষ্ট মহল সূত্রে জানা গেছে, মনোহরদী পৌরসভাকে দ্রুত সময়ের মধ্যে লোডশেডিংয়ের ভোগান্তিমুক্ত এবং নাগরিকবান্ধব একটি এলাকা হিসেবে গড়ে তোলার বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।

এদিকে, আগামী মনোহরদী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আমিনুর রহমান সরকার দোলনের সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়ার বিষয়টি বেশ জোরেসোরে আলোচনায় এসেছে। এলাকার সাধারণ মানুষের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জনসমর্থন নিয়ে নানা বিশ্লেষণ চলছে। তবে এই নির্বাচন বা প্রার্থীতার বিষয়ে দলগতভাবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

নিজের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ব্যক্ত করে আমিনুর রহমান সরকার দোলন জানান, তিনি ফাঁকা প্রচারণায় নয়, বরং মাঠপর্যায়ের বাস্তব কাজে বিশ্বাসী। জননেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির সার্বিক দিকনির্দেশনায় মনোহরদী উপজেলা ও পৌরসভার আমূল পরিবর্তন ঘটাতে চান তিনি। তাঁর মূল লক্ষ্য হলো মনোহরদীকে নরসিংদী জেলার মধ্যে অন্যতম উন্নত ও একটি দৃষ্টান্তমূলক মডেল পৌরসভা হিসেবে দাঁড় করানো। এই রূপকল্প বাস্তবায়নে তিনি সর্বস্তরের পৌরবাসীর দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

এলাকার সুশীল সমাজের মতে, সুপরিকল্পিত উন্নয়ন কাঠামো, নাগরিক সেবার আধুনিকায়ন এবং জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হলে আগামীতে মনোহরদী পৌরসভা দেশের অন্যতম আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে।