বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর গ্রুপ পর্বেই বড় এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং সাম্প্রতিক সময়ে বিশ্ব ফুটবলে আলোচনায় থাকা আফ্রিকান শক্তি মরক্কো।
ম্যাচের আগে পরিসংখ্যানের বিচারে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ব্রাজিল। স্ট্যাটস প্রোভাইডার অপ্টা অ্যানালিস্টের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। বিপরীতে মরক্কোর জয়ের সম্ভাবনা ১৮.৮ শতাংশ। আর ম্যাচটি অমীমাংসিত থাকার সম্ভাবনা ২৩.৫ শতাংশ বলে জানিয়েছে পরিসংখ্যান।
শুধু এই ম্যাচ নয়, পুরো ‘গ্রুপ সি’-এর শীর্ষস্থান দখলের দৌড়েও এগিয়ে রয়েছে ব্রাজিল। তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ৬৫.৮৫ শতাংশ। অন্যদিকে মরক্কোর ক্ষেত্রে এই সম্ভাবনা ২৩.১৪ শতাংশ।
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল অন্যতম সফল দল। টুর্নামেন্টের প্রথম আসর থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে তারা। তবে ২০০২ সালের পর আর শিরোপা জিততে পারেনি পাঁচবারের চ্যাম্পিয়নরা। এবার তাদের প্রধান লক্ষ্য ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়, অর্থাৎ ‘হেক্সা’ মিশন পূরণ করা।
অন্যদিকে মরক্কো নিজেদের আর শুধু দুর্বল প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করেনি। সাম্প্রতিক বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়ে তারা নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। শক্তিশালী রক্ষণ, দ্রুত পাল্টা আক্রমণ এবং দলীয় শৃঙ্খলার সমন্বয়ে তারা এখন বিশ্বের যেকোনো বড় দলের জন্য কঠিন প্রতিপক্ষ।
ফুটবল বিশ্লেষকদের মতে, কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে মরক্কোকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে মরক্কোর সংগঠিত রক্ষণভাগ ভেদ করা ব্রাজিলের আক্রমণভাগের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
সব মিলিয়ে ব্রাজিল-মরক্কোর এই লড়াইকে শুধু গ্রুপ পর্বের একটি ম্যাচ হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। দুই ভিন্ন কৌশল ও ফুটবল দর্শনের এই দ্বৈরথ হতে পারে বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচগুলোর একটি।
ব্রাজিলের সম্ভাব্য স্কোয়াড
অ্যালিসন বেকার, গ্যাব্রিয়েল মাগালাইস, মার্কিনিয়োস, অ্যালেক্স স্যান্ড্রো, ড্যানিলো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, রাফিনিয়া, ইগর থিয়াগো, ভিনিসিয়ুস জুনিয়র।
মরক্কোর সম্ভাব্য স্কোয়াড
ইয়াসিন বাউনাউ, ইসা দিওপ, আসরাফ হাকিমি, চাদি রিয়াদ, ইউসেফ বেলাম্মারি, নাবিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, ব্রাহিম দিয়াজ, আজেদিন ওনাহি, বিলাল এল খান্নুস এবং ইসমাইল সাইবারী।