লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে নারায়ণগঞ্জের দুটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের নবাব সলিমুল্লাহ রোড, আমলাপাড়া ও সদর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো পপুলার মেডিকেল সার্ভিসেস ও মিতু ক্লিনিক। ম্যাজিস্ট্রেট জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটিতে বৈধ কোনো অনুমোদন পাওয়া যায়নি। এছাড়া নোংরা পরিবেশে চিকিৎসা সেবা প্রদান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি অর্থ আদায় এবং প্রয়োজনীয় চিকিৎসক ও ল্যাব টেকনিশিয়ানের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এসব গুরুতর অনিয়ম জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানে মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ অর্ডিন্যান্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রতিষ্ঠান দুটিকে আর্থিক দণ্ড দেওয়া হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন।