শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৪ দিন পর আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৪ দিন পর আরিফ মিয়া (৭৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের একটি ব্রিজের নিচের খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরিফ মিয়া ওই গ্রামের রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির মৃত রাশার্দ মিয়ার ছেলে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি অবিবাহিত ছিলেন এবং তাঁর পাঁচ ভাইয়ের সঙ্গে থাকতেন। গত কয়েক মাস ধরে তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আরিফ মিয়া। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনরা তাঁর কোনো সন্ধান পাননি। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় দুই কিশোর ওই খালের ব্রিজের নিচে কচুরিপানা সংগ্রহ করতে গেলে সেখানে একটি মরদেহ ভাসতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মরদেহের শরীরে প্রাথমিক অবস্থায় কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “এ ঘটনায় বর্তমানে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।”