সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কক্সবাজারের টেকনাফ উপকূলের কাছে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি কাঠের নৌকা থেকে দালাল চক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) ভোরে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় আট নটিক্যাল মাইল দূরে এই অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনীর মিডিয়া উইং রোববার বেলা ৩টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত থেকেই সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন সমুদ্র এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। এ সময় সেন্ট মার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের নৌকার সন্দেহজনক গতিবিধি নজরে আসে।
নৌবাহিনীর জাহাজ নৌকাটিকে থামার সংকেত দিলে সেটি নির্দেশ অমান্য করে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া চালিয়ে রোববার ভোরের দিকে নৌকাটিকে আটক করা হয়।
অভিযানকালে নৌকায় থাকা দালাল চক্রের ১০ সদস্যসহ নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌবাহিনীর সদস্যরা জানতে পারেন, তারা অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আটক নৌকা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, নৌবাহিনীর অভিযানের বিষয়টি তারা অবগত আছেন এবং আটক ব্যক্তিদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।