পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে সিরাত পাঠ প্রতিযোগিতা। মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও আদর্শ সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে এ আয়োজন করে ‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২-তে প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মহানবী (সাঃ)-এর জীবনীভিত্তিক বই ‘সিরাতে খাতামুন আম্বীয়া’ অবলম্বনে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪১ জন শিক্ষার্থী গত ২৭ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত নিবন্ধন করেন। তবে বৃহস্পতিবার অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৭৫ জন শিক্ষার্থী।
আয়োজকেরা জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তী সময়ে সুবিধাজনক সময়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রতিযোগিতায় প্রথম তিনজন বিজয়ীকে নগদ ২ হাজার ৫০০ টাকা করে এবং ১ হাজার ৩০০ টাকা সমমূল্যের বই উপহার দেওয়া হবে।
‘পাবিপ্রবিয়ান দ্বীনি পরিবার’-এর এক দায়িত্বশীল বলেন, “বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মত সিরাত পাঠ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের থেকে আমরা ভালো সাড়া পেয়েছি যেটি আমাদের আয়োজকদের জন্য আশাজানাগিয়া। আমরা আশা করি আগামীদিনেও আমরা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু ভালো কাজ করতে পারবো।”