বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

পাবিপ্রবিতে কবি ওমর আলীর জীবন ও সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ওমর আলীর জীবন, সাহিত্যকর্ম ও কাব্যচিন্তা নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

পাবিপ্রবিতে কবি ওমর আলীর জীবন ও সাহিত্যবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি ওমর আলীর জীবন, সাহিত্যকর্ম ও কাব্যচিন্তা নিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাহিত্যপ্রেমীরা অংশ নেন।

সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম আব্দুল আলীম। শুভেচ্ছা বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার এবং বাংলা একাডেমির কর্মকর্তা মনিরুজ্জামান রোহান। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মীর হুমায়ুন কবীর।

সেমিনারের মূল পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। এ পর্বে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তারিক মনজুরে মওলা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক খালেদ হোসাইন।

এ ছাড়া প্রবন্ধ উপস্থাপন করেন পাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. এম আব্দুল আলীম এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) বিশেষজ্ঞ ড. কুদরাত-ই-খুদা। আলোচনায় অংশ নেন পাবিপ্রবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম বলেন, বাংলা সাহিত্যের ইতিহাসে এমন কিছু কবি রয়েছেন, যারা প্রচারের আলো থেকে কিছুটা দূরে থেকেও তাঁদের সৃষ্টিকর্মের মাধ্যমে একটি স্বতন্ত্র সাহিত্যভুবন নির্মাণ করেছেন। কবি ওমর আলী সেই বিরল কবিদের একজন। তিনি ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন কবি; বাংলার প্রকৃতি, পল্লিজীবন, মানুষের সুখ-দুঃখ, প্রেম এবং অস্তিত্ববোধ তাঁর কবিতার প্রধান উপজীব্য।

তিনি আরও বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির বিস্তার, বিশ্বায়ন এবং তথ্যের অবাধ প্রবাহ আমাদের জীবনকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। এ সময়ে কবি ওমর আলীর মতো সাহিত্যিকদের পাঠ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাঁর সাহিত্য আমাদের শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায় এবং আমাদের সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে সচেতন করে।

উপাচার্য বলেন, সাহিত্য শুধু নন্দনতত্ত্বের বিষয় নয়; এটি জাতির মানসগঠনের অন্যতম প্রধান উপাদান। তাই তরুণ প্রজন্মকে ওমর আলীর সাহিত্য পাঠে উদ্বুদ্ধ করতে হবে। তাঁর সাহিত্য নিয়ে আরও গবেষণা, পাঠচক্র, সেমিনার ও একাডেমিক আলোচনা প্রয়োজন। বিশেষ করে পাবনা অঞ্চলের সাহিত্য-ঐতিহ্য নিয়ে গবেষণায় ওমর আলী একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে পারেন।

সেমিনারে কবি ওমর আলীর জীবন, সাহিত্যকর্ম, কাব্যভাবনা এবং বাংলা সাহিত্যে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা তাঁর সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্য আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।