বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

পাঁচ আগস্টের আগের পথে ফেরার প্রশ্নই নেই: তারেক রহমান

প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতিতে দেশকে আর পিছিয়ে নিতে চান না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই।

পাঁচ আগস্টের আগের পথে ফেরার প্রশ্নই নেই: তারেক রহমান
ছবি: সংগৃহীত।

প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতিতে দেশকে আর পিছিয়ে নিতে চান না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “প্রতিশোধ, প্রতিহিংসায় একটি দল বা মানুষের কী হতে পারে তা আমরা পাঁচ আগস্ট দেখেছি। আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।”

মতভিন্নতা গণতন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, “আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যে মতবিভেদ পর্যায়ে না।”

দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপি চেয়ারপারসন বলেন, “দেশের মানুষ স্বপ্ন দেখছে, সব আশা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে সবাই যদি স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারবো।”

রাজধানীর পানির সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এ বিষয়ে এখনই আলোচনা না হলে ভবিষ্যতে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও তাদের দক্ষতা কাজে লাগাতে না পারলে জাতীয় প্রত্যাশা ব্যর্থ হবে বলেও সতর্ক করেন তিনি।

সড়ক দুর্ঘটনা রোধ, কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পরিকল্পনার কথাও তুলে ধরেন তারেক রহমান।

আগামী দিনগুলোকে চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “যেকোনোভাবে গণতান্ত্রিক পন্থা এবং জবাবদিহিতা চালু রাখতে হবে। এতে করে দেশের পরিবর্তন করা যাবে।” একই সঙ্গে রাজনৈতিক আলোচনার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়ন নিয়ে আরও গভীর আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তিনি জানান, ২২ জানুয়ারি থেকে বিএনপি তাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাবে। ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানানো হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।