বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

রায়পুরায় মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এমপি বকুল

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরা এলাকায় খাল খননসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করা হবে।

রায়পুরায় মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এমপি বকুল
ছবি : সংগৃহীত

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রায়পুরা এলাকায় খাল খননসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের শুভ সূচনা করা হবে।

বুধবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলা, পৌরসভা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

অনুষ্ঠানে আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তির দাবিদার হলেও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দলটির কোনো কার্যকর অংশগ্রহণ ছিল না, বরং বিভিন্ন সংকটে তারা বারবার পলায়ন করেছে। এমনকি সর্বশেষ ২০২৪ সালেও তারা একইভাবে দেশ ছেড়ে পালিয়েছে।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এবং জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অনৈচার দূর করতে হবে। বিশেষ করে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, দুর্নীতি, অনিয়ম, লুটপাট, মারামারি, ভূমি দখল ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধিগুলো যেকোনো মূল্যে নির্মূল করার ওপর জোর দেন তিনি।

রায়পুরা অঞ্চলের দীর্ঘদিনের জনদাবি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, চরাঞ্চলের মানুষের যোগাযোগের সুবিধার্থে মেঘনা নদীতে সেতু নির্মাণ, টেকসই বেড়িবাঁধ, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র স্থাপন এবং রেললাইনের পাশ দিয়ে রায়পুরা শ্রীরামপুর রেলগেট থেকে ভৈরব পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এর পাশাপাশি জলাশয় সংস্কার ও খাল খননের কাজগুলো দ্রুত বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, রায়পুরায় আগামী দিনে পরিকল্পিত ও জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করা হবে। জবাবদিহিমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে পারলে আগামী পাঁচ বছর ভোট চাওয়ার প্রয়োজন পড়বে না, বরং জনগণ নিজেই স্বতঃস্ফূর্তভাবে তাদের বেছে নেবে।

জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বকুল বলেন, তিনি কেবল স্বাধীনতার ঘোষণাই দেননি, সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়াই করেছেন। এই প্রকৃত ইতিহাস বর্তমান ও নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া দলের সবার নৈতিক দায়িত্ব। বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের ভুল ও বিকৃত ইতিহাস গেলানো হয়েছে অভিযোগ করে তিনি বলেন, তরুণরা শিক্ষাঙ্গনে জ্ঞান-বিজ্ঞান চর্চার জন্য যায়, কোনো ভ্রান্ত রাজনৈতিক মতাদর্শ শিখতে নয়।

দেশের অর্থনৈতিক পুনর্গঠন নিয়ে তিনি বলেন, বাহাত্তর থেকে পঁচাত্তর সালের মধ্যবর্তী সময়ে দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরবর্তীতে বিগত ১৭ বছরে আওয়ামী লীগ লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে সেই ভঙ্গুর দশাকে আরও ত্বরান্বিত করেছে। জিয়াউর রহমান অতীতে দেশের শূন্য অর্থনৈতিক ঝুড়িকে স্বনির্ভর করে তুলেছিলেন এবং তিনিই প্রায় ৫০ বছর আগে প্রতিটি ইউনিয়নে খাদ্যগুদাম তৈরি করে দেশের খাদ্য নিরাপত্তার মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন।

এলাকা থেকে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, রায়পুরার মাটিতে কোনো প্রকার মাদকের বিস্তার বরদাশত করা হবে না। প্রতিটি এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবীদের তালিকা তৈরি করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন নিয়মিত অভিযান চালিয়ে এই চক্রের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনছে।

উক্ত স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সম্পাদক এম এন জামান, সিরাজগঞ্জ ওমেন চেম্বারের প্রেসিডেন্ট জান্নাতুল হক শাপলা, সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুছ মিয়া, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী হযরত আলী ভূঁইয়া এবং সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান খোকনসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ ছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, তাঁতীদল ও মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে শরিক হন।