মঙ্গলবার, 17 নভেম্বর 2026
সকল বিভাগ

সেপ্টেম্বরে দেশে এসেছে ২৭৭ কোটি ডলারের রেমিট্যান্স, ১১ মাসে সর্বনিম্ন

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

সেপ্টেম্বরে দেশে এসেছে ২৭৭ কোটি ডলারের রেমিট্যান্স, ১১ মাসে সর্বনিম্ন

চলতি বছরের সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় এ অঙ্ক ৩ শতাংশ বেশি হলেও গত ১১ মাসের মধ্যে এটি সর্বনিম্ন। এর মধ্য দিয়ে চলতি বছরের দ্বিতীয়ার্ধে রেমিট্যান্স প্রবাহে কিছুটা ধীরগতি দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এসব তথ্য জানা গেছে। এতে দেখা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৫৬ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৩ শতাংশ।

এর আগে টানা ছয় মাস, অর্থাৎ ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত প্রতি মাসে ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। তবে জুনে এসে সেই ধারায় ছেদ পড়ে। এরপর জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে কোনো মাসেই ৩ বিলিয়ন ডলারের সীমা ছাড়াতে পারেনি রেমিট্যান্স।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৭ লাখ ডলারে। সেপ্টেম্বরে আবার কমে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারে নেমে আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মোট ৮৫৯ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৭৫৮ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৩ শতাংশ।

রেমিট্যান্স প্রবাহের সাম্প্রতিক উল্লম্ফনের মধ্যে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল চলতি বছরের মার্চে—৩৭৫ কোটি ২২ লাখ ডলার। এরপর মে মাসে ৩৪৪ কোটি ২৬ লাখ এবং ২০২৫ সালের ডিসেম্বরে ৩২২ কোটি ৩৬ লাখ ডলার আসে। এ সময় টানা ছয় মাস ৩ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স আসায় দেশের রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড তৈরি হয়।

তবে ২০২৫-২৬ অর্থবছরের শেষ মাস জুনে রেমিট্যান্স কমে ২৮১ কোটি ৯০ লাখ ডলারে দাঁড়ায়। এরপর নতুন অর্থবছরের প্রথম তিন মাসেও তা ৩ বিলিয়ন ডলারের নিচে রয়েছে।

অন্যদিকে, গত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে রেকর্ড ৩ হাজার ৫৫৯ কোটি (৩৫.৫৯ বিলিয়ন) ডলার। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩ হাজার ৩৩ কোটি (৩০.৩৩ বিলিয়ন) ডলার।