বিএনপির নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্মে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই মুহূর্তে দলের নেতাকর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দলীয় শৃঙ্খলা বজায় রাখা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে রিজভী বলেন, ‘ক্ষমতায় এসে বিএনপি সরকার জনগণের জন্য কাজ করছে। দল ও জনগণের জন্যও কাজ করছে। জনগণের মাঝে তারেক রহমান সরকার জনপ্রিয়তা অনেকগুণ বৃদ্ধি পেয়েছে।’
বিএনপিকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি। রিজভীর ভাষ্য, নানা প্রতিকূলতা ও হাজারো ষড়যন্ত্রের মধ্যেও বিএনপি সেগুলো মোকাবিলা করে সামনে এগিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, দলীয় প্রার্থী নির্বাচনের দায়িত্ব স্থানীয় পর্যায়ের নেতাদের ওপরই থাকবে।
দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় বিএনপির মনোনীত প্রার্থীদের জয়ের সম্ভাবনা আরও ভালো বলে মনে করেন রিজভী। এ নির্বাচনে দলীয় প্রার্থীরা সফল হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।