শুক্রবার, 27 নভেম্বর 2026
সকল বিভাগ

রংপুরে ‘বিষাক্ত মদপানে’ ৩ জনের মৃত্যু, আটক ১

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদ (রেকটিফায়েড স্পিরিট) পানের পর অসুস্থ হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রংপুরে ‘বিষাক্ত মদপানে’ ৩ জনের মৃত্যু, আটক ১
ছবি: সংগৃহীত

রংপুরের বদরগঞ্জে বিষাক্ত মদ (রেকটিফায়েড স্পিরিট) পানের পর অসুস্থ হয়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
 

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০), একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং সদর শ্যামপুর শাহপাড়া গ্রামের জেন্দারুল ইসলাম (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার মধ্যরাতে শ্যামপুর এলাকার মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফায়েড স্পিরিট কিনে পান করেন ওই তিন ব্যক্তিসহ আরও কয়েকজন। সেবনের কিছুক্ষণ পরই তারা তীব্র অসুস্থতা অনুভব করেন এবং একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে, তবে আইনি জটিলতা এড়াতে তারা পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার পরপরই অভিযানে নামে বদরগঞ্জ থানা পুলিশ। বিষাক্ত এই মাদক বিক্রির অভিযোগে জয়নুল আবেদিনকে আটক করা হয়েছে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুরো এলাকায় এই ঘটনায় শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অবৈধ মাদক কারবারের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।