রংপুরের মিঠাপুকুর উপজেলায় মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পানের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। সর্বশেষ বুধবার (৩ জুন) দুলা মিয়া (৪৫) নামে একজন নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুলা মিয়া উপজেলার বালারহাট কুমোরপুর কন্তিবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মাহিদুল ইসলাম।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রোববার রাতে বালারহাট বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত অ্যালকোহল পান করেন। পরে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে কেউ বাড়িতে, আবার কেউ হাসপাতালে চিকিৎসা নিতে শুরু করেন।
ঘটনার রাতেই কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া (৬০) নিজ বাড়িতে মারা যান। এরপর একে একে চিকিৎসাধীন অবস্থায় হুজুর আলী (৪৫), সাজু মিয়া (৫৫), এরশাদ আলী (৪০) এবং সর্বশেষ দুলা মিয়ার মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ শিকদার বলেন, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফর জানান, বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে এলাকায় লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। অবৈধ ও ঝুঁকিপূর্ণ মাদকজাতীয় পানীয় সেবনের ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সতর্ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা অবৈধ মদ বিক্রির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।