কক্সবাজারের টেকনাফ উপজেলায় একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বিকাশ মোড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম আব্দুর রহিম (৪০)। তিনি হ্নীলা ইউনিয়নের মোছনী গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যে জানা গেছে, ডাকাতি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তিনি ‘রইক্ষ্যা’ নামেও পরিচিত ছিলেন এবং সক্রিয় ডাকাতদল সালমান শাহ গ্রুপের সদস্য বলে তার পরিচয় পাওয়া গেছে।
স্থানীয় রোহিঙ্গা বাসিন্দারা জানান, ভোরে ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে তারা বিকাশ মোড় এলাকায় আব্দুর রহিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে এপিবিএন ও টেকনাফ মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে। স্থানীয়দের দাবি, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সক্রিয় সালমান শাহ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতদলের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।” তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।