মঙ্গলবার, 10 নভেম্বর 2026
সকল বিভাগ

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা থেকে মানব পাচার, অবৈধ অভিবাসী পাচার ও মাদক পাচারের মতো আন্তদেশীয় অপরাধ বাড়ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন। একটি দেশে দীর্ঘদিন অমীমাংসিত থাকা এই সংকট পুরো অঞ্চলের জন্যই নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাতিসংঘে ৫ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে জাতিসংঘে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরে তিনি রোহিঙ্গাদের নিজ ভূমিতে মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা অব্যাহত রাখা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর কথা বলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় জাতিসংঘ সদর দপ্তরের ১১ নম্বর কক্ষে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের এক পার্শ্ব-অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতে সহ-আয়োজক ও অংশীদারদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা বৈষম্য, নিপীড়ন ও বঞ্চনার মধ্যে রয়েছে। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন সময়ে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ১৯৮০-এর দশকেও কয়েক দফায় তাদের আগমন ঘটে। বিভিন্ন সরকারের সময়ে কিছু রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হয়েছিল। তবে ২০১৭ সালে মিয়ানমারে নতুন করে সহিংসতা শুরু হলে সংকট আরও ভয়াবহ রূপ নেয়।

তারেক রহমান বলেন, নয় বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। বর্তমানে দেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। মিয়ানমারে চলমান সহিংসতার কারণে এখনো দেশটি থেকে মানুষ পালিয়ে আসছে।

শিবিরগুলোতে প্রতিবছর হাজার হাজার শিশুর জন্ম হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির সঙ্গে নতুন একটি প্রজন্মও যুক্ত হচ্ছে। রোহিঙ্গা মায়েরা সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখছেন। তরুণেরা অনিশ্চয়তার মধ্যে বেড়ে উঠছেন। আর প্রবীণেরা ফেলে আসা ঘরবাড়ি ও গ্রামের স্মৃতি নিয়ে নিজ ভূমিতে ফেরার অপেক্ষায় রয়েছেন।

মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিবিরগুলোতে খাদ্য ও স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি শিশুদের শিক্ষার ব্যবস্থাও করা হচ্ছে। প্রায় ছয় হাজার লার্নিং সেন্টারে মিয়ানমারের পাঠ্যক্রম অনুসরণ করে শিক্ষা দেওয়া হচ্ছে। তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে, যাতে ভবিষ্যতে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যে পুনঃএকীভূত হতে পারে।

তবে শিবিরে বসবাসের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ সর্বোচ্চ চেষ্টা চালালেও এসব স্থান দীর্ঘমেয়াদি বসবাসের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। দীর্ঘদিনের এই বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ বাড়ছে। বিশেষ করে কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীকেও এর বড় ধরনের প্রভাব বহন করতে হচ্ছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা ও হতাশা থেকে মানব পাচার, অবৈধ অভিবাসী পাচার ও মাদক পাচারের মতো আন্তদেশীয় অপরাধ বাড়ছে। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নৌপথে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন। একটি দেশে দীর্ঘদিন অমীমাংসিত থাকা এই সংকট পুরো অঞ্চলের জন্যই নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজন বাড়লেও সহায়তার পরিমাণ কমছে। ২০২৫ সালের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৯৩৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তার আবেদন করা হয়েছিল। ২০২৬ সালের জন্য সেই আবেদন কমিয়ে প্রায় ৭১০ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। তাঁর মতে, এই অর্থ দিয়ে কেবল ন্যূনতম জীবন রক্ষাকারী প্রয়োজন মেটানো সম্ভব।

‘এই প্রবণতা অব্যাহত থাকতে পারে না’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বাংলাদেশের পাশে থাকা আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, আগের যেকোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশের আরও বেশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

তারেক রহমান বলেন, মানবিক সহায়তার উদারতা রাজনৈতিক নিষ্ক্রিয়তার অজুহাত হতে পারে না। একইভাবে অনির্দিষ্টকালের জন্য কেবল বাংলাদেশই রোহিঙ্গাদের দায়ভার বহন করে যাবে, এমনটাও প্রত্যাশা করা যায় না। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত।

রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানান প্রধানমন্ত্রী। তাঁর ভাষ্য, রোহিঙ্গারা এখনো নির্বিচার আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম ও নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতির মধ্যে রয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী ও ‘আরাকান আর্মি’—উভয়ের বিরুদ্ধেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ফলে সেখানে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ এখনো তৈরি হয়নি।

সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন শুধু সহমর্মিতা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে সংকটের মূল কারণ চিহ্নিত করতে হবে। তাঁর আহ্বান, প্রতিশ্রুতির পাশাপাশি বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং বাস্তুচ্যুতির ব্যবস্থাপনা নয়, এই দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুতির অবসানের দিকে এগিয়ে যেতে হবে।