বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ঋণের চাপে বিষপান, বাঁচানো গেল না বড়লেখার জাকিরকে

মৌলভীবাজারের বড়লেখায় ঋণের বোঝা ও মানসিক হতাশা থেকে বিষপানে জাকির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঋণের চাপে বিষপান, বাঁচানো গেল না বড়লেখার জাকিরকে

মৌলভীবাজারের বড়লেখায় ঋণের বোঝা ও মানসিক হতাশা থেকে বিষপানে জাকির হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জাকির হোসেন উপজেলার দক্ষিণ গান্ধাই গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে জাকির বড় অঙ্কের ঋণে জড়িয়ে পড়েছিলেন। ঋণের চাপ ও দুশ্চিন্তায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। গত শনিবার সকালে চিনি আনার কথা বলে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে হঠাৎ তীব্র বুক ও পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে থাকেন।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রোববার রাতে স্বজনরা মরদেহ বাড়িতে নেওয়ার পথে থানায় গিয়ে ময়নাতদন্ত ছাড়া দাফনের আবেদন করেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ মরদেহ উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঋণের হতাশা থেকেই জাকির বিষপান করেছেন। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করেছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।