রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ব্লকের একটি ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস নামের বত্রিশ বছর বয়সী এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার ভবনের ১৪ তলার একটি কক্ষ থেকে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বজনদের সাথে টানা তিন দিন সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর নিজের ভাড়া বাসা থেকেই তার এই মরদেহ উদ্ধার করা হয়।
পেশাগত জীবনে ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী সার্জন পদে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জন বিভাগে রেসিডেন্ট হিসেবে উচ্চতর প্রশিক্ষণ শুরু করেন এবং বর্তমানে ফেজ বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী হিসেবে যুক্ত ছিলেন। এর আগে ২০১৭ সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ডা. ফারাহ ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার আবদুর রশিদ ও ফেরদৌসি রশিদ দম্পতির কন্যা। ব্যক্তিগত জীবনে অবিবাহিত এই চিকিৎসক ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক জানান, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য লাশ ময়নাতদন্তের উদ্দেশ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এই মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে তার সাথে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছিলেন না। বারবার ফোনে চেষ্টা করেও কোনো সাড়া না পেয়ে শুক্রবার বিকেলে স্বজনরা সরাসরি ঢাকায় এসে তার কক্ষে প্রবেশ করেন এবং সেখানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে পুলিশ জানিয়েছে।