আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের ব্যাটার সালমান আঘাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একই সঙ্গে তার শৃঙ্খলা রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়। এই ধারা মূলত আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের উপকরণ কিংবা স্টেডিয়ামের ফিটিংসের অপব্যবহার বা ক্ষতির সঙ্গে সম্পর্কিত।
এ নিয়ে গত ২৪ মাসে দ্বিতীয়বার একই অপরাধ করলেন সালমান আঘা। ফলে তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে দুই। এর আগে চলতি বছরের ১৩ মার্চ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচেও একই ধারা ভাঙার দায়ে তিনি শাস্তি পেয়েছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ মে) সিলেট টেস্টের চতুর্থ দিনে। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৮২তম ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার পথে ক্ষোভ নিয়ন্ত্রণ করতে না পেরে নিজের ব্যাট দিয়ে একটি বিজ্ঞাপনী বোর্ডে আঘাত করেন সালমান আঘা।
তার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার রিচার্ড কেটেলবরো ও আলাউদ্দিন পালেকর, তৃতীয় আম্পায়ার কুমার ধর্মসেনা এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।
পরে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য জেফ ক্রো তাকে শাস্তি দেন। সালমান আঘা শাস্তি মেনে নিয়ে নিজের অপরাধ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।