বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সিনড নেতৃবৃন্দের সাথে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সভা

সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিরসনে সিনড নেতৃবৃন্দের সাথে সরকারের উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সিনড নেতৃবৃন্দের সাথে সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের উন্নয়ন নিয়ে সরকারের উচ্চপর্যায়ের সভা
ছবি: সংগৃহীত

সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিরসনে সিনড নেতৃবৃন্দের সাথে সরকারের উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯শে এপ্রিল) সিলেট প্রেসবিটারিয়ান সিনড-এর একটি খ্রিষ্টান প্রতিনিধিদল সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দুই একান্ত সচিব বিজন কান্তি সরকার ও সাইমুম পারভেজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সভায় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ-এর চেয়ারম্যান বিশপ ফিলিপ পি. অধিকারী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসবিটারিয়ান সিনড-এর মডারেটর রেভারেন্ড এব্রিসন পতাম, সাধারণ সম্পাদক মি. নেলসন এন. সরকার, বোর্ড সদস্য মি. জিডিশন প্রধান সুছিয়া-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চেস ইন বাংলাদেশ (এফপিসিবি)-এর উদ্যোগে অনুষ্ঠিত এই বৈঠকে সিলেট অঞ্চলের খাসিয়া সম্প্রদায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে বিশেষ করে খাসিয়া শিশুদের শিক্ষা কার্যক্রমে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরা হয় এবং এ ক্ষেত্রে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি খাসিয়া পরিবারগুলোর পেশাগত অবস্থা, পারিবারিক আয় এবং বিশেষত যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়েও সচিবদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ ছাড়া খাসিয়া সম্প্রদায়ের ভূমি অধিকার সংরক্ষণ ও নিশ্চিতকরণের বিষয়ে জোর দাবি উত্থাপন করা হয়। একই সঙ্গে খাসিয়া ভাষার নিজস্ব বর্ণমালার প্রয়োজনীয়তা ও সরকারি স্বীকৃতির দাবিও প্রতিনিধিদলের পক্ষ থেকে দৃঢ়ভাবে উপস্থাপন করা হয়।

সচিবদ্বয় প্রতিনিধিদলের দাবিগুলো গুরুত্বসহকারে শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।