অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে এক ম্যাচে দারুণ জয়, অন্যটিতে ইনিংস ব্যবধানে হার—মিশ্র অভিজ্ঞতার সেই সিরিজ শেষে র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম। আর ক্যারিয়ারে প্রথমবার টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
বুধবার (২৬ আগস্ট) পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় ম্যাকাই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়া স্টার্ক দুই ধাপ এগিয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছেন। ফলে ভারতের জাসপ্রিত বুমরাহ নেমে গেছেন দ্বিতীয় স্থানে। এক ধাপ পিছিয়ে তৃতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।
ম্যাকাই টেস্টে বাংলাদেশের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। ম্যাচে ৭ উইকেট নিয়ে বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েন বাঁহাতি এই পেসার। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে একসঙ্গে ১৭ ধাপ এগিয়েছেন তিনি।
ক্যারিয়ারের সর্বোচ্চ ৪০৩ রেটিং পয়েন্ট নিয়ে শরিফুল বর্তমানে টেস্ট বোলারদের তালিকায় ৫৭তম অবস্থানে রয়েছেন।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৩তম স্থানে রয়েছেন। হাসান মাহমুদ ৯ ধাপ নেমে ৪৭তম এবং তাসকিন আহমেদ দুই ধাপ পিছিয়ে ৫১তম অবস্থানে আছেন।
ব্যাটারদের তালিকায় অবশ্য বাংলাদেশের কয়েকজনের অবনতি হয়েছে। লিটন দাস ছয় ধাপ পিছিয়ে ৩৪তম, মুমিনুল হক পাঁচ ধাপ নেমে ৩৬তম, মেহেদী হাসান মিরাজ চার ধাপ পিছিয়ে ৬৩তম এবং সাদমান ইসলাম সাত ধাপ পিছিয়ে ৬৫তম স্থানে রয়েছেন। তবে এক ধাপ উন্নতি করে ১৭তম স্থানে উঠে এসেছেন মুশফিকুর রহিম।
টেস্ট ব্যাটারদের শীর্ষ তিনে কোনো পরিবর্তন আসেনি। হ্যারি ব্রুক প্রথম, জো রুট দ্বিতীয় এবং স্টিভ স্মিথ তৃতীয় অবস্থান ধরে রেখেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও বড় কোনো পরিবর্তন নেই। শীর্ষ তিনে যথাক্রমে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা, দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন এবং বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।