কেনাকাটা শেষে শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় বন্ধ করতে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে আড়ংয়ের আউটলেটগুলোতে ভোক্তা অধিকার রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবিও জানানো হয়েছে এই নোটিশে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশে বিবাদী করা হয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে।
আইনি নোটিশটিতে বলা হয়েছে, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে আড়ং তাদের প্রতিটি শোরুমে কেনাকাটার পর বিনামূল্যে ব্যাগ দেওয়ার পরিবর্তে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। আইনজীবী সাদ্দাম হোসেনের মতে, এই কার্যক্রম দেশের প্রচলিত আইনের পরিপন্থি। সাধারণ গ্রাহকরা এই বাড়তি টাকা দিতে বাধ্য হওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র ক্ষোভ প্রকাশ করছেন। অনেক ক্ষেত্রে অতিরিক্ত টাকা এড়াতে ক্রেতাদের হাতে করে কাপড় বহন করতে হচ্ছে, যা তাঁদের জন্য মানহানিকর।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আড়ংয়ের এমন পদক্ষেপ কেবল ব্যবসায়িক নৈতিকতা পরিপন্থিই নয়, বরং এটি সাধারণ ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই প্রবণতা চলতে থাকলে দেশের অন্যান্য ব্র্যান্ডগুলোও ক্রেতাদের কাছ থেকে ব্যাগের জন্য টাকা নিতে উৎসাহিত হতে পারে।
আদালতের মাধ্যমে জানানো হয়েছে, এই নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হবে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে এই পুরো বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এবং ভবিষ্যতে ক্রেতাদের বিনামূল্যে ব্যাগ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।