জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিপু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকের জন্য অর্থ জোগাড় করতেই তিনি এ কাজে জড়িয়েছিলেন।
রবিবার (৭ জুন) দিবাগত রাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া এলাকার গামার বিলের একটি সেচ পাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। সোমবার (৮ জুন) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
নিহত নিপু উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বোরো মৌসুমে ব্যবহৃত একটি সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির বিদ্যুতের তার খুলে নেওয়ার চেষ্টা করেন নিপু। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
সোমবার সকালে ধানক্ষেতের পাশে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় পথচারীরা। পরে তারা পুলিশকে খবর দিলে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীনুর ইসলাম ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
এলাকাবাসীর দাবি, নিপু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে মাদকের আসক্তি থেকে ফেরাতে তার বাবা জমিজমা বিক্রি ও ঋণ করে তিন দফা বিদেশে পাঠিয়েছিলেন। তবে প্রতিবারই কয়েক মাসের মধ্যে দেশে ফিরে আসেন তিনি।
স্থানীয়দের ভাষ্য, ছেলেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার চেষ্টায় তার বাবা-মা আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে জীবিকার প্রয়োজনে তারা ঢাকায় বসবাস করছেন।