বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন

সিরাজগঞ্জের কামারখন্দে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী ইসরাত জাহান ইমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ এর বিচারক নজরুল ইসলাম এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান ইমা কামারখন্দ উপজেলার মুগবেলাই গ্রামের নুরনবী আকন্দের মেয়ে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার কল্যাণী পূর্বপাড়ার এস এম সায়েমের সঙ্গে ইমার বিয়ে হয়। সায়েম সিলেটে পূবালী ব্যাংকের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন। সায়েম কর্মস্থলে থাকার সুযোগে ইমা প্রতিবেশী একাধিক পুরুষের সঙ্গে মোবাইলে কথা বলতেন, যা নিয়ে দম্পতির মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। ২০২২ সালের ৮ জুলাই ঈদুল আজহার ছুটিতে সায়েম বাড়ি ফিরলে ইমা তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে ইমা প্রথমে সায়েমকে শরবত খাইয়ে আচ্ছন্ন করেন এবং পরে পরিবারের সবাইকে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দেন। গভীর রাতে অজ্ঞাতপরিচয় ২-৩ জনের সহায়তায় ইমা তার ঘুমন্ত স্বামী সায়েমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনায় নিহতের বাবা শেখ ফরিদ বাদী হয়ে পুত্রবধূ ইমার বিরুদ্ধে কামারখন্দ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশি তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে আজ এই রায় প্রদান করেন।