রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে চাঞ্চল্যকর এক ঘটনায় তেল নেওয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় একটি গাড়ির চাপায় ফিলিং স্টেশনের এক কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনার পর গাড়ির মালিক সাবেক যুবদল নেতা আবুল হাসেম সুজন ও চালক কামালকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি) ভোররাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কর্মীর নাম রিপন সাহা (৩০)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে একটি জিপগাড়ি করিম ফিলিং স্টেশনে এসে প্রায় পাঁচ হাজার টাকার তেল নেয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঠিকাদার আবুল হাসেম সুজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজেই গাড়িতে তেল নেন। পরে টাকা পরিশোধ না করে গাড়িটি নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন চালক। এ সময় রিপন সাহা গাড়ির সামনে দাঁড়িয়ে বাধা দিলে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।
এ বিষয়ে আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন,
‘করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে টাকা না দিয়ে একটি জিপগাড়ি চলে যাচ্ছিল। টাকা চাইতে গিয়ে রিপন সাহা মহাসড়কে দৌড় দেন। কিছুক্ষণ পর তার মরদেহ সড়কে পড়ে থাকতে দেখা যায়। মাথা ও মুখ থেঁতলানো ছিল।’
রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান জানান,
‘এ ঘটনায় গাড়ির মালিক ঠিকাদার আবুল হাসেম সুজন ও চালক কামালকে আটক করা হয়েছে। নিহত রিপনের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।’
এদিকে, আটক আবুল হাসেম সুজনকে যুবদলের সভাপতি হিসেবে পরিচয় উল্লেখ করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল অনাম বকুল বলেন,
‘সুজন যুবদলের সঙ্গে নেই। তিনি অনেক আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে যুবদল থেকে পদত্যাগ করেছেন।’
তিনি বিষয়টি বিবেচনায় রেখে সতর্কভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান।