তুরস্ক লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আঙ্কারার দাবি অনুযায়ী, ইরান থেকে ছোড়া ওই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমানায় প্রবেশের আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ন্যাটো তুরস্কসহ এর সকল মিত্র দেশের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে।
ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট এক বিবৃতিতে জানিয়েছেন, তুরস্কের ওপর ইরানের এই আক্রমণাত্মক আচরণের তারা ঘোর বিরোধী। তিনি আরও বলেন, ইরান বর্তমানে সমগ্র অঞ্চলজুড়ে যেভাবে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে, তার বিপরীতে ন্যাটো তার সকল সদস্য রাষ্ট্রের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ন্যাটোর আকাশপথ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং যেকোনো ধরনের উস্কানি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘটনা নতুন মাত্রা যোগ করেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের পর ইরানও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। তেহরান থেকে বর্তমানে ইসরায়েলের মূল ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে নিয়মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এই পাল্টাপাল্টি আক্রমণের ফলে প্রতিবেশী আরব দেশগুলোও ক্রমাগত আক্রান্ত হচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের মুখে ঠেলে দিয়েছে।